খেলা
২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন লিওনেল মেসি, জানালেন নিজেই
ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত প্রশ্নগুলোর একটি—আর কতদিন মাঠে দেখা যাবে লিওনেল মেসিকে? বয়সের ঘর প্রায় ৪০ ছুঁইছুঁই, ক্যারিয়ারের ঝুলিতে রয়েছে বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়ন্স লিগসহ প্রায় সব বড় অর্জন। তবুও ফুটবলের প্রতি তার ভালোবাসা এখনও অটুট। তাই অবসর নিয়ে জল্পনা-কল্পনা চললেও আপাতত বিদায়ের কথা ভাবছেন না আর্জেন্টাইন মহাতারকা।
সম্প্রতি নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে মেসি জানিয়েছেন, এখনও খেলা চালিয়ে যাওয়ার যথেষ্ট অনুপ্রেরণা রয়েছে তার। যতদিন শারীরিকভাবে নিজেকে ফিট মনে করবেন এবং দলের জন্য অবদান রাখতে পারবেন, ততদিন মাঠে থাকার ইচ্ছা রয়েছে তার।
আর্জেন্টিনার অধিনায়ক বলেন, “আমি আরও কিছুদিন খেলতে চাই। যতক্ষণ মনে হবে দলের জন্য কিছু করতে পারছি, শারীরিকভাবে ভালো আছি এবং সতীর্থদের সহায়তা করতে পারছি, ততক্ষণ খেলে যাব।”
তবে ২০৩০ বিশ্বকাপে তাকে দেখা যাবে কি না, সেই প্রশ্নের উত্তর এখনই দিতে রাজি নন মেসি। বিষয়টিকে অনেক দূরের ভবিষ্যৎ হিসেবেই দেখছেন তিনি।
এ প্রসঙ্গে মেসি বলেন, “সত্যি বলতে, আমি এখন ২০৩০ বিশ্বকাপ নিয়ে ভাবছি না। এখনও অনেক সময় বাকি। আমি বর্তমান নিয়েই ভাবতে চাই এবং একদিন করে সামনে এগোতে চাই।”
এদিকে বর্তমান বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-তে টানা দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই শেষ ৩২ নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
আসরের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে নিজের শ্রেষ্ঠত্বের আরেকটি প্রমাণ দেন মেসি। এরপর অস্ট্রিয়ার বিপক্ষেও ছিলেন দুর্দান্ত। ২-০ ব্যবধানে জেতা সেই ম্যাচে দলের দুটি গোলই আসে তার পা থেকে।
টানা দুই ম্যাচে পাঁচ গোল করে বিশ্বকাপের শুরুতেই নিজের দুর্দান্ত ফর্মের জানান দিয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। তার নেতৃত্বে শিরোপা ধরে রাখার স্বপ্নও আরও জোরালো হয়ে উঠছে আর্জেন্টিনা সমর্থকদের কাছে।
গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ইতোমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় ম্যাচটিকে নিজেদের প্রস্তুতি আরও শাণিত করার সুযোগ হিসেবে দেখছে দলটি। কোচিং স্টাফের জন্যও এটি হবে কৌশল পরীক্ষা ও খেলোয়াড়দের ছন্দে রাখার গুরুত্বপূর্ণ মঞ্চ।
২০৩০ বিশ্বকাপে মেসিকে দেখা যাবে কি না, সেই উত্তর সময়ই দেবে। তবে আপাতত একটি বিষয় পরিষ্কার—ফুটবলকে বিদায় জানানোর তাড়া নেই তার। বর্তমানকে উপভোগ করেই আরও কিছুদিন বিশ্বমঞ্চে নিজের জাদু ছড়িয়ে যেতে চান লিওনেল মেসি।