খেলা
৮৮ বছরের অপেক্ষার অবসান, বিশ্বকাপের নকআউটে জয়ের স্বাদ পেল সুইজারল্যান্ড
দীর্ঘ ৮৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে জয় তুলে নিয়েছে সুইজারল্যান্ড। শেষ ৩২-এর ম্যাচে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ইউরোপের দলটি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সুইজারল্যান্ড। এরই ধারাবাহিকতায় ১০ মিনিটে ব্রিল এম্বোলোর গোলে এগিয়ে যায় তারা। গোলটির পুরো কৃতিত্বই ছিল তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার জোহান মানজাম্বির। মাঝমাঠ থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে একক প্রচেষ্টায় আলজেরিয়ার রক্ষণভাগ ভেঙে বক্সে ঢুকে নিখুঁত পাস বাড়িয়ে দেন তিনি। সেই সুযোগ সহজেই কাজে লাগিয়ে জালে বল জড়ান এম্বোলো।
দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র ৪৮ সেকেন্ডের মাথায় ব্যবধান দ্বিগুণ করে সুইজারল্যান্ড। আলজেরিয়ার ডিফেন্ডারদের ব্যর্থ ক্লিয়ারেন্সের সুযোগ নিয়ে বক্সের বাইরে বল পান ড্যান এনডোয়ে। সেখান থেকে দারুণ এক শটে দূরের কোণ দিয়ে বল জালে পাঠিয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
এরপরও আরও কয়েকটি সুযোগ তৈরি করেছিল সুইসরা। ৮১ মিনিটে সহজ একটি গোলের সুযোগ নষ্ট করেন রেইডার। দূরের পোস্টে প্রায় ফাঁকা জাল পেয়েও গোড়ালির শটে বল সরাসরি গোলরক্ষকের হাতে তুলে দেন তিনি।
শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড। এই জয়ের মাধ্যমে ১৯৩৮ সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে ম্যাচ জয়ের স্বাদ পেল দলটি। অর্থাৎ ৮৮ বছর পর আবারও বিশ্বকাপের নকআউটে বিজয়ের হাসি ফুটল সুইসদের মুখে।
ইতিহাস বলছে, ১৯৩৮ বিশ্বকাপে জার্মানিকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল সুইজারল্যান্ড। তবে শেষ আটে হাঙ্গেরির কাছে ২-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের।
এবার শেষ ষোলোতে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ হবে কলম্বিয়া ও ঘানার মধ্যকার ম্যাচের বিজয়ী। দুই দল আজ শেষ ৩২-এর লড়াইয়ে মুখোমুখি হবে।