খেলা

বিশ্বকাপে আর্জেন্টিনার সমর্থক নেতানিয়াহু, প্রশংসায় ভাসালেন প্রেসিডেন্ট মিলেকে 


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৩:৩৮ পিএম

বিশ্বকাপে আর্জেন্টিনার সমর্থক নেতানিয়াহু, প্রশংসায় ভাসালেন প্রেসিডেন্ট মিলেকে 
ছবিঃ সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ আর্জেন্টিনাকে সমর্থনের কথা জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তবে দলটির প্রতি সমর্থনের পাশাপাশি তিনি সবচেয়ে বেশি প্রশংসা করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে-এর, যাকে তিনি ইসরাইলের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। বিষয়টি জানিয়েছে আই২৪ নিউজ।

সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইসরাইলের প্রতি দৃঢ় সমর্থনের কারণে মিলে আর্জেন্টিনার ‘আসল সুপারস্টার’। তার ভাষ্য অনুযায়ী, মিলের নেতৃত্বে ইসরাইল-আর্জেন্টিনা সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে।

দুই দেশের মধ্যে সম্প্রতি ঘোষিত ‘আইজ্যাক অ্যাকর্ডস’-এর মাধ্যমে কৌশলগত, কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রসঙ্গেও মিলের ভূমিকাকে ইতিবাচক হিসেবে তুলে ধরেন নেতানিয়াহু।

‘মোজো পডকাস্ট’-এ বিশ্বকাপে নিজের সমর্থনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তার নজর আর্জেন্টিনার দিকেই। উপস্থাপক লিওনেল মেসি-র নাম উল্লেখ করলেও নেতানিয়াহু প্রথমেই প্রেসিডেন্ট মিলের কথা বলেন এবং তাকে ইসরাইলের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে অভিহিত করেন।

তিনি আরও বলেন, মিলে ও তার মধ্যে অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই আলোচনা হয়। পাশাপাশি আর্জেন্টিনা দলকে ‘খুব ভালো দল’ এবং মেসিকে ‘বিশেষভাবে অভিজ্ঞ’ খেলোয়াড় বলেও মন্তব্য করেন।

সাক্ষাৎকারে নেতানিয়াহু স্মরণ করেন, ইসরাইলে একটি ম্যাচ খেলতে গিয়ে মেসির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। সেই অভিজ্ঞতার কথাও তিনি তুলে ধরেন।

বিশ্বকাপে শেষ ষোলোতে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর রেফারিং নিয়ে চলমান বিতর্কের মধ্যেই নেতানিয়াহুর এই মন্তব্য সামনে এসেছে।

তথ্যসূত্র: আল আরাবিয়া।