বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি

গুগল সার্চে এআইয়ের যুগান্তকারী পরিবর্তন: যুক্ত হলো ফোন কলিংসহ নতুন ফিচার


তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৩:৫৪ পিএম

গুগল সার্চে এআইয়ের যুগান্তকারী পরিবর্তন: যুক্ত হলো ফোন কলিংসহ নতুন ফিচার
ছবি: সংগৃহীত

গুগল সার্চে যুক্ত হলো একাধিক চমকপ্রদ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা। এখন থেকে শুধু লিংকের তালিকা নয়—গুগলে কিছু সার্চ করলেই এআই নিজেই তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে, তৈরি করবে সারাংশ, এমনকি ব্যবহারকারীর হয়ে ফোন পর্যন্ত করবে।

বিশ্বখ্যাত এই সার্চ জায়ান্ট এবার তাদের সর্বাধুনিক এআই মডেল Gemini 2.5 Pro, পরীক্ষামূলক ফিচার Deep Search, এবং আলোচিত AI Calling প্রযুক্তি চালু করেছে। এসব ফিচার ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গুগলের নতুন পরিবর্তন কেবল সার্চ ইঞ্জিনের চেহারাই বদলাবে না, এটি হয়ে উঠবে একজন ব্যক্তিগত ডিজিটাল সহকারী। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, এসব ফিচার ব্যবহারকারীদের যেমন সময় বাঁচাবে, তেমনি তথ্য বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও বড় সহায়ক হবে।

জানা গেছে, গুগলের সাবস্ক্রিপশনভিত্তিক প্রিমিয়াম গ্রাহকরা এখন থেকে Gemini 2.5 Pro মডেল ব্যবহার করতে পারছেন। এই উন্নত এআই মডেলটি কেবল প্রশ্নের উত্তরই দেয় না, বরং গবেষণাপত্রের সারসংক্ষেপ তৈরি, ব্যবসায়িক পরিকল্পনা লেখা, এমনকি জটিল সমস্যা বিশ্লেষণেও সক্ষম।

এদিকে, ‘ডিপ সার্চ’ নামের নতুন একটি ফিচার চালু হয়েছে গুগল ল্যাবসে, যা আপাতত সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য উন্মুক্ত। এটি ব্যবহারকারীর দেওয়া নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে সেগুলোকে একটি নির্ভরযোগ্য সারাংশে রূপান্তর করে দেখায়। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বড় কেনাকাটা কিংবা কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট তৈরির ক্ষেত্রে এই ফিচার অনেকটাই সহায়ক হবে বলে আশা করছে গুগল।

তবে সবচেয়ে চমকপ্রদ ফিচারটি হলো—এআই কলিং। গুগলে কেউ সার্চ করলেন ‘আজ ঢাকায় কোন ক্যাফেগুলো খোলা?’—সেক্ষেত্রে গুগল ব্যবহারকারীকে এমন একটি অপশন দেবে, যার মাধ্যমে তারা চাইলে গুগলের এআই-কে বলে দিতে পারবেন তাদের হয়ে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ফোন করে তথ্য জোগাড় করতে। এরপর গুগলের এআই নিজেই ফোন করে সেসব প্রতিষ্ঠানের সময়সূচি, পণ্যের মূল্য কিংবা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ব্যবহারকারীকে জানিয়ে দেবে।

এই ফিচারটি আপাতত যুক্তরাষ্ট্রে সীমিতভাবে চালু রয়েছে। তবে ভবিষ্যতে অন্যান্য দেশেও চালুর পরিকল্পনা রয়েছে গুগলের। একইসঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানগুলো চাইলে গুগল বিজনেস প্রোফাইলের মাধ্যমে এআই কল গ্রহণ বা নিয়ন্ত্রণের সুবিধাও পাবে।