বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি

আজ থেকে চালু এনইআইআর, অবৈধ মোবাইল নেটওয়ার্কে যুক্ত হলেই বন্ধ


তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১২:২৭ পিএম

আজ থেকে চালু এনইআইআর, অবৈধ মোবাইল নেটওয়ার্কে যুক্ত হলেই বন্ধ
ছবি: সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে চালু হলো ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। এর ফলে নতুন করে নেটওয়ার্কে যুক্ত হওয়া অবৈধ বা নিবন্ধনবিহীন মোবাইল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে।

ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে স্টকে থাকা মোবাইল ফোনের আইএমইআই নম্বর জমা দেওয়ার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ায় আজ থেকে এনইআইআর কার্যক্রম পুরোপুরি শুরু হচ্ছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী জানিয়েছেন, বর্তমানে নেটওয়ার্কে সক্রিয় থাকা কোনো হ্যান্ডসেট—তা অনুমোদিত হোক বা অননুমোদিত—বন্ধ করা হবে না। একইভাবে ব্যবসায়ীদের স্টকে থাকা এবং ইতোমধ্যে জমা দেওয়া আইএমইআই তালিকার ফোনও সচল থাকবে। তবে নতুনভাবে নেটওয়ার্কে যুক্ত হওয়া ডিভাইসগুলো যাচাইয়ের আওতায় আসবে।

তিনি আরও জানান, প্রবাসীরা ব্যক্তিগত ব্যবহারের ফোনের পাশাপাশি সর্বোচ্চ দুটি নতুন মোবাইল হ্যান্ডসেট দেশে আনতে পারবেন। এসব ডিভাইস নিবন্ধনের জন্য তিন মাস সময় দেওয়া হবে এবং ভ্রমণসংক্রান্ত কাগজপত্র প্রয়োজন হবে।

ডাক ও টেলিযোগাযোগবিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেন, উপদেষ্টা পরিষদ যদি মোবাইল ফোন আমদানি ও উৎপাদনে শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয়, তাহলে এনইআইআর বাস্তবায়ন প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর গ্রে মার্কেটের মোবাইল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভ হয়। পরবর্তীতে কার্যক্রম স্থগিতের কথা বলা হলেও বিটিআরসি জানিয়েছে, এ বিষয়ে কমিশন কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি।

বিটিআরসি বলছে, অবৈধ হ্যান্ডসেট নিয়ন্ত্রণ, চুরি হওয়া ফোন বন্ধ এবং মোবাইল বাজারে শৃঙ্খলা ফেরাতে এনইআইআর চালু করা হয়েছে। এই সিস্টেমে আইএমইআই, সিম নম্বর ও আইএমএসআই মিলিয়ে ডিভাইস শনাক্ত করা হবে। সংস্থাটি স্পষ্ট করেছে, এনইআইআরের মাধ্যমে কল বা বার্তার তথ্য রেকর্ড করা সম্ভব নয়।

তবে কেন্দ্রীয় ডাটাবেজ ব্যবহারের ফলে নজরদারির ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কিছু বিশেষজ্ঞ। তাদের মতে, সাইবার নিরাপত্তা দুর্বল হলে তথ্য অপব্যবহারের আশঙ্কা থাকতে পারে। এ বিষয়ে সরকার জানিয়েছে, সংশোধিত টেলিযোগাযোগ অধ্যাদেশে গোপনীয়তা রক্ষা ও হয়রানি প্রতিরোধে স্পষ্ট ধারা যুক্ত করা হয়েছে এবং লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তির বিধান থাকবে।

প্রসঙ্গত, ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে চুরি হওয়া মোবাইল ফোন বন্ধে ইতোমধ্যে এনইআইআরের মতো ব্যবস্থা কার্যকর রয়েছে।