বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি
বিলুপ্তির পথে পুরুষ জাতি! বিজ্ঞানীদের সতর্কবার্তা
পৃথিবী থেকে একসময় পুরুষ জাতি বিলুপ্ত হয়ে যেতে পারে এমন ধারণা শুনতে অবাক লাগলেও বিজ্ঞানীরা বলছেন, এর পেছনে রয়েছে শক্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা। মূল বিষয়টি ঘিরে আছে ‘ওয়াই’ ক্রোমোজোমকে কেন্দ্র করে, যা পুরুষ হওয়ার প্রধান উপাদান।
মানবদেহে মোট ২৩ জোড়া ক্রোমোজোম থাকে। এর মধ্যে একটি জোড়া নির্ধারণ করে কেউ ছেলে হবে না মেয়ে। নারীদের ক্ষেত্রে থাকে দুটি ‘এক্স’ ক্রোমোজোম (এক্স-এক্স), আর পুরুষদের ক্ষেত্রে থাকে একটি ‘এক্স’ ও একটি ‘ওয়াই’ ক্রোমোজোম (এক্স-ওয়াই)। অর্থাৎ, ‘ওয়াই’ ক্রোমোজোম ছাড়া পুরুষের জন্ম সম্ভব নয়।
বিজ্ঞানীদের মতে, প্রায় ১৬ কোটি বছর আগে ‘এক্স’ ও ‘ওয়াই’ ক্রোমোজোম প্রায় সমান শক্তিশালী ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ‘ওয়াই’ ক্রোমোজোম দুর্বল হয়ে পড়তে থাকে। এর নিজেকে পুনর্গঠন বা ঠিক করার ক্ষমতা কমে যাওয়ায় এতে থাকা জিনগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। বর্তমানে ‘এক্স’ ক্রোমোজোমে যেখানে হাজারের বেশি জিন রয়েছে, সেখানে ‘ওয়াই’ ক্রোমোজোমে রয়েছে মাত্র প্রায় ৫০টি জিন।
গবেষকদের ধারণা, এই ক্ষয় প্রক্রিয়া যদি একইভাবে চলতে থাকে, তবে কয়েক লাখ বছরের মধ্যে ‘ওয়াই’ ক্রোমোজোম পুরোপুরি বিলুপ্ত হয়ে যেতে পারে। তখন পুরুষ শিশুর জন্ম আর সম্ভব হবে না, ফলে ধীরে ধীরে পুরুষ প্রজাতিও পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে।
তবে এই পরিবর্তন হঠাৎ করে ঘটবে না। এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, যা লাখ লাখ বছর ধরে ধীরে ধীরে ঘটবে। তবুও বিজ্ঞানীরা বলছেন, এই পরিবর্তনের সূচনা ইতোমধ্যেই শুরু হয়েছে।