পর্যটন
যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা ফি বাড়ছে দ্বিগুণের বেশি, ব্যয় বাড়বে ভ্রমণকারীদের
যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসার ফি ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়মে বি১/বি২ ক্যাটাগরির ভিসা ফি ১৮৫ ডলার থেকে বেড়ে দাঁড়াচ্ছে ৪৩৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৩ হাজার টাকা।
এ সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ভিসা ফি বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে কংগ্রেসে পাস হওয়া ‘বিগ বিউটিফুল বিল’ থেকেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ফলে যুক্তরাষ্ট্রে ভ্রমণ এখন আরও ব্যয়বহুল হয়ে উঠছে। উদাহরণস্বরূপ, পাঁচ সদস্যের একটি পরিবারকে শুধু ভিসা ফি বাবদই গুনতে হবে প্রায় ২ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় আড়াই লাখেরও বেশি।
বিশ্লেষকদের মতে, এই অতিরিক্ত ফি পর্যটকদের অনীহা বাড়িয়ে তুলবে। শুধু পর্যটক নয়, আসন্ন ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিককে কেন্দ্র করে ভ্রমণকারীদের ক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এমনকি অংশগ্রহণকারী অ্যাথলেট ও কর্মকর্তাদের জন্যও এটি একটি বড় চাপ হয়ে দাঁড়াতে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই ভিসা ফি ফেরতযোগ্য হতে পারে, তবে এ বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট নীতিমালা ঘোষণা করা হয়নি। ফলে অনিশ্চয়তা তৈরি হয়েছে ভিসা আবেদনকারীদের মধ্যে।
ফলশ্রুতিতে, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পর্যটন ভিসাধারী দেশে পরিণত হচ্ছে যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র পর্যটন খাতে শীর্ষ গন্তব্য হলেও এই অতিরিক্ত ফি সিদ্ধান্ত ভবিষ্যতে দেশটির পর্যটন আয় ও আন্তর্জাতিক ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে।
সূত্র: ইউএসএ টুডে