কৃষি
নভেম্বর পর্যন্ত সারের ঘাটতি হবে না : কৃষি উপদেষ্টা
নভেম্বর পর্যন্ত দেশে সারের কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে কৃষি খাতের সব দেনা পরিশোধ করেছে। ফলে আগামী কয়েক মাস সার নিয়ে কোনো ধরনের সংকট তৈরি হবে না।
সোমবার (২১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, বর্তমানে দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে এবং কৃষকদের প্রয়োজন অনুযায়ী সরবরাহ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
কৃষি উপদেষ্টা আরও বলেন, সারের লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় এখন থেকে রাজনৈতিক বিবেচনার কোনো সুযোগ থাকবে না। যোগ্য ও প্রকৃত ডিলারদেরই লাইসেন্স দেওয়া হবে। ইতোমধ্যে নীতিমালা প্রণয়নের কাজ চলছে। আগে যারা ডিলারশিপ নিয়ে অনিয়ম করেছে, তাদের বাদ দেওয়া হচ্ছে এবং নতুন করে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে ডিলার নির্বাচন করা হবে।
তিনি বলেন, সারা দেশে ১০০টি মিনি কোল্ডস্টোরেজ স্থাপনের কাজ চলছে, যা আগামী মৌসুমের আগেই চালু হতে পারে। এছাড়া কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ওএমএসের (ওপেন মার্কেট সেল) মাধ্যমে আলু বিক্রির পরিকল্পনা রয়েছে বলে জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম।