ক্যাম্পাস

৩৩ বছর পর জাকসু নির্বাচন, ভোট ১১ সেপ্টেম্বর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৬:৫৩ পিএম

৩৩ বছর পর জাকসু নির্বাচন, ভোট ১১ সেপ্টেম্বর
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন।

রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম এ তফসিল ঘোষণা করেন। একই সঙ্গে খসড়া ভোটার তালিকা ও আচরণবিধিও প্রকাশ করা হয়েছে।

মনোনয়নপত্র সংগ্রহের তারিখ ১৮ ও ১৯ আগস্ট। যাচাই–বাছাই শেষে ২৫ আগস্ট খসড়া প্রার্থী তালিকা প্রকাশ হবে। প্রার্থীরা ২৯ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন। নির্বাচনের প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক মো. মনিরুজ্জামান।

জাকসু প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে এবং একই বছর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯২ সালে। এরপর আর কোনো নির্বাচন হয়নি।

ছাত্র–জনতার আন্দোলন ও দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এবার নির্বাচনের তারিখ ঘোষণা করলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে গত জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর তফসিল ঘোষণা করা হয়েছিল।