ক্যাম্পাস

প্রয়াত সাংবাদিক শিবলীর পরিবারের পাশে সাদিক-ফরহাদ, ২ লাখ টাকা অনুদান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম

প্রয়াত সাংবাদিক শিবলীর পরিবারের পাশে সাদিক-ফরহাদ, ২ লাখ টাকা অনুদান
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন কাভার করার সময় মৃত্যু হওয়া চ্যানেল এস টেলিভিশনের সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) তারা শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এ ছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে এই পরিবারের হাতে দুই লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। একই সঙ্গে ছাত্রশিবিরের পক্ষ থেকে ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এম এম ফরহাদসহ অন্যরা।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান ডাকসুর জিএস এম এম ফরহাদ।

পোস্টে এস এম ফরহাদ বলেন, ‘ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল শিবলী ভাই। তিনি রেখে গেছেন দুই সন্তান। বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমীনের বয়স দেড় বছর। চার বছর বয়সী আয়াত দীর্ঘ আলাপের ফাঁকে আমাকে বলছে’ “‌‘আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটা জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আসবেন না, তাই আমি আমার মা ও ছোট বোন আজমীনের খোঁজখবর রাখব, আদর করব।” অবুঝ শিশুর মুখে এমন ভারী কথা!’

‘আমরা পরিবারের সাথে প্রাথমিক সাক্ষাতে ছোট্ট দুই শিশুর খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে আপাতত দুই লক্ষ টাকা পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ, আমরা সকল প্রয়োজনে সাধ্যমতো পরিবারটির পাশে থাকব। বাবা হারানো ছোট্ট শিশুদের জন্য দোয়া চাই।’

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর বেলা দেড়টার দিকে কার্জন হল এলাকায় লাইভ চলাকালে তিনি অচেতন হয়ে পড়েন সাংবাদিক তরিকুল শিবলী। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।