ক্যাম্পাস
জুলাইয়ে হামলায় জড়িত ঢাবির নিষিদ্ধ ছাত্রলীগের ৪০৩ নেতাকে শোকজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত ৪০৩ শিক্ষার্থীকে শনাক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সবাইই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
তাদের প্রত্যেককে আগামী সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার তদন্তে তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়। সেই কমিটি প্রথম পর্যায়ে ১২৮ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে রিপোর্ট দেয়, যার ভিত্তিতে গত ১৭ মার্চ সিন্ডিকেট সভায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়।
পরে ঘটনাগুলোর অধিকতর তদন্তের জন্য সিন্ডিকেট একটি পাঁচ সদস্যবিশিষ্ট নতুন তদন্ত কমিটি গঠন করে। এই কমিটি তাদের দ্বিতীয় সভায় মোট ৪০৩ শিক্ষার্থীর সংশ্লিষ্টতা খুঁজে পায়, যাদের সবাই জুলাই আন্দোলনের সময় সহিংস কর্মকাণ্ডে অংশ নিয়েছিল বলে প্রমাণ মেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিহ্নিত শিক্ষার্থীদের কাছে জানতে চাওয়া হয়েছে, “কেন তাদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না।” এজন্য তাদেরকে বিজ্ঞপ্তি প্রকাশের সাত কার্যদিবসের মধ্যে প্রক্টর অফিসে লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী একতরফা ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ গণমাধ্যমকে বলেন, “আমরা অধিকতর তদন্তের পর ৪০৩ জনের সংশ্লিষ্টতা পেয়েছি। তাদের কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়েছে। সাত কর্মদিবস পর আমরা তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”