ক্যাম্পাস

বাকৃবিতে দুই দিনব্যাপী জাতীয় ভাষা উৎসব


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম

বাকৃবিতে দুই দিনব্যাপী জাতীয় ভাষা উৎসব
ছবি: সংগৃহীত

দেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তৃতীয়বারের মতো শুরু হয়েছে ‘জাতীয় ভাষা উৎসব-২০২৫’। দুই দিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ভাষাবিষয়ক সংগঠন বাকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাব (বাউএলসি)।

শুক্রবার (৫ ডিসেম্বর) টিএসসি মিনি কনফারেন্স কক্ষে ‘বিভিন্ন ভাষায় দক্ষতা যাচাই প্রতিযোগিতা ও বর্ণকুঞ্জ’ উদ্বোধনের মধ্য দিয়ে উৎসবের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। উদ্বোধনী পর্ব শেষে কৃষি অনুষদের গ্যালারিতে ভাষাগত দক্ষতা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

ভাষা উৎসবটি এ বছর দুই পর্বে অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম পর্বে গতকাল শুক্রবার বিভিন্ন ভাষায় দক্ষতা যাচাই প্রতিযোগিতা ও বর্ণকুঞ্জ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়। দ্বিতীয় পর্বে আজ আলোচনা অনুষ্ঠান ও প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বাকৃবি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। বিজয়ী মোট ২৫ জনকে পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে থাকছে মেডেল, সার্টিফিকেট, টি-শার্ট এবং ৪০ হাজার টাকা সম্মাননা।

এ বিষয়ে বাকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা মাহাবুব রাফি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম‌ধ্যে ভাষা বিষয়ে আগ্রহ চমকপ্রদ। তাদের ভাষাগত দক্ষতা যাচাই এবং যোগাযোগ দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে। 

যেখানে সবাই বিভিন্ন দেশের ভাষা নিয়ে চর্চা করতে পারে। আর্ট, সাহিত্য ও সংস্কৃতির ওপর একটি মেলার আয়োজন করা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা প্রযুক্তির বাইরে পুরনো সংস্কৃতির ভিন্ন স্বাদ নিতে পারবেন।