ক্যাম্পাস

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৮:১২ পিএম

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমজাদের মোড় এলাকার আয়েশা টাওয়ার ছাত্রাবাসের নিজ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত শিক্ষার্থীর নাম মো. মাহফুজুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ওই শিক্ষার্থী প্রেমিকার সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে প্রেমিকা তাৎক্ষণিকভাবে ছাত্রাবাসের ম্যানেজারকে অবহিত করেন। পরে ম্যানেজার ও আশপাশের কক্ষের কয়েকজন শিক্ষার্থী দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

ঘটনার পর বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির ভুঁইয়া বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর এমন সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক ও অপ্রত্যাশিত। সহপাঠীরাও আগে থেকে তার কোনো সমস্যার বিষয়ে অবগত ছিলেন না বলে জানান তিনি। শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আরও ঘনিষ্ঠ যোগাযোগ প্রয়োজন বলেও মত দেন তিনি।

পরিবারের পক্ষ থেকে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই গ্রহণের ইচ্ছা জানানো হয়েছে বলে শিক্ষকরা জানান। এ বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলা হয়েছে এবং সুরতহাল শেষে মরদেহ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে রাখা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন বা সুইসাইড নোট পাওয়া যায়নি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।