ক্যাম্পাস
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি বাতিলে ৩ দিনের আলটিমেটাম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতে ‘সংযুক্ত কলেজ’ শব্দ ব্যবহারের প্রতিবাদ জানিয়ে তা বাতিলের জন্য তিন দিনের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, এ বিষয়টি বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের সঙ্গে সাংঘর্ষিক।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, রাজধানীর সরকারি সাত কলেজকে সমন্বিত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে। এই প্রতিষ্ঠার মাধ্যমে তারা একটি আধুনিক, স্বায়ত্তশাসিত ও শিক্ষাবান্ধব উচ্চশিক্ষা ব্যবস্থার প্রত্যাশা করেছিলেন। তবে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির কিছু বিষয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ-২০২৬-এর সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় শিক্ষার্থী, ভর্তিচ্ছু ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।
শিক্ষার্থী আবদুল্লাহ আল ফাহাদ বলেন, তারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নন, বরং একটি স্বচ্ছ ও ন্যায়সঙ্গত ভর্তি প্রক্রিয়া চান।
এ সময় তিনি তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে-
১. তিন দিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তির বিতর্কিত অংশ, বিশেষ করে ‘সংযুক্ত কলেজ’ সংক্রান্ত বিষয় বাতিল করে নতুন করে পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
২. সাত কার্যদিবসের মধ্যে ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ এবং চলমান সব সেশনকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আওতায় আনতে হবে, অন্যথায় কার্যক্রম স্থগিতের হুঁশিয়ারি দেওয়া হয়।
৩. পাঁচ কার্যদিবসের মধ্যে ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের জন্য অভিন্ন আইডি কার্ড প্রদান করতে হবে।
শিক্ষার্থীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।