ক্যাম্পাস

ব্রাজিলের পরাজয়ে অসুস্থ তরুণী, হাসপাতালে নিলেন আর্জেন্টিনা সমর্থক


ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১১:৫৭ এএম

ব্রাজিলের পরাজয়ে অসুস্থ তরুণী, হাসপাতালে নিলেন আর্জেন্টিনা সমর্থক
ছবি: সংগৃহীত

ফুটবল মাঠের তীব্র প্রতিদ্বন্দ্বিতা ভুলে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন এক আর্জেন্টিনা সমর্থক। ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের পরাজয় মেনে নিতে না পেরে অসুস্থ হয়ে পড়েন এক তরুণী শিক্ষার্থী। পরে প্রতিদ্বন্দ্বী দলের সমর্থক সহপাঠীই তাকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেন।

ঘটনাটি ঘটেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। অসুস্থ শিক্ষার্থী ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মাশরুফা শারমীন এ্যানি। আর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সহপাঠী নাইমুল ইসলাম মঈন, যিনি আর্জেন্টিনা দলের সমর্থক।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) রাতে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল। খেলা চলাকালীন এই হার দেখে মানসিকভাবে ভেঙে পড়েন এ্যানি। একপর্যায়ে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং একাধিকবার বমি করেন। তার রক্তচাপও কমে যায়।

পরিস্থিতি গুরুতর বুঝতে পেরে দেরি না করে সহপাঠী মঈন নিজের মোটরসাইকেলে করে তাকে দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও স্যালাইন দেন। পরে তার অন্যান্য সহপাঠীরাও হাসপাতালে এসে উপস্থিত হন।

ঘটনার বর্ণনায় নাইমুল ইসলাম মঈন জানান, তারা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বসে বড় পর্দায় খেলা দেখছিলেন। নরওয়ে প্রথম গোল করার পর থেকেই এ্যানি অসুস্থ হয়ে পড়েন। দ্বিতীয় গোলের পর তার অবস্থার আরও অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ব্রাজিল-আর্জেন্টিনার দীর্ঘদিনের ফুটবল প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে মঈন বলেন, মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সবার আগে মানবিকতা। আমরা একই দেশের মানুষ ও সহপাঠী—বন্ধুত্ব ও সহমর্মিতা যেকোনো প্রতিযোগিতার চেয়ে বড়।