ক্যাম্পাস

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, স্থগিত সদস্য সচিবের পদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৬:৪২ পিএম

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, স্থগিত সদস্য সচিবের পদ
ছবি: সংগৃহীত

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলে শৃঙ্খলাজনিত কারণে বড় ধরনের সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। শাখা ছাত্রদলের তিন যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার করা হয়েছে এবং সদস্য সচিবের পদ স্থগিত করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) রাতের দিকে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাবিপ্রবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ইউনুস, মো. সোলেমান বাদশা ও নকিবুল আবছার শাওনকে তাদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

অন্যদিকে, একই ধরনের অভিযোগে শাখা ছাত্রদলের সদস্য সচিব জিশান আহম্মেদের পদ স্থগিত করা হয়েছে। তার পরিবর্তে সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামস শাহরিয়ারকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনের কার্যক্রম সচল রাখতে এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শাখা সূত্রে জানা গেছে, বহিষ্কৃত তিন নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয়তা, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং বিরোধী ছাত্র সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ছিল।

অন্যদিকে, পদ স্থগিত হওয়া জিশান আহম্মেদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালকের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে বলে জানা গেছে।

এদিকে সিদ্ধান্ত ঘোষণার পর জিশান আহম্মেদ তার সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞপ্তি শেয়ার করে সংগঠনের সিদ্ধান্তকে চূড়ান্ত বলে উল্লেখ করেন।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন অর্ণব জানান, বহিষ্কৃতদের বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ড, নিষ্ক্রিয়তা ও অপতথ্য প্রচারের অভিযোগ ছিল। আর সদস্য সচিবের পদ স্থগিতের সিদ্ধান্ত বর্তমান পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে।