ক্যাম্পাস
অ্যাসাইনমেন্টে শিক্ষকের নাম ভুল করায় ‘ববি শিক্ষার্থীকে ৩০০ বার নাম লিখিয়ে শাস্তি’
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এক শিক্ষার্থী এসাইনমেন্টে শিক্ষকের নামের বানান ভুল করায় তাকে ৩০০ বার শিক্ষকের নাম লিখে আনতে নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী সাইদুল ইসলাম সাইদ এসাইনমেন্টে সহকারী অধ্যাপক মরিয়ম হাসনার নামের বানান ভুল লেখেন। অভিযোগ অনুযায়ী, এর জেরে সংশ্লিষ্ট শিক্ষক তাকে নিজের নাম ৩০০ বার লিখে জমা দেওয়ার নির্দেশ দেন।
পরে সাইদুল ইসলাম সাইদ নিজের ফেসবুক আইডিতে শাস্তিস্বরূপ লিখে আনা খাতার ছবি প্রকাশ করে লেখেন, একটি শব্দের বানানে মাত্র একটি অতিরিক্ত অক্ষর—‘Morium’-এর পরিবর্তে ‘Morioum’—লেখার কারণে তাকে পুরো নামটি ৩০০ বার লিখতে হয়েছে। তিনি এটিকে তার বিশ্ববিদ্যালয় জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা বলেও উল্লেখ করেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেক শিক্ষার্থী এ ধরনের শাস্তিকে অপ্রাসঙ্গিক ও অপমানজনক বলে মন্তব্য করেন। আবার কেউ কেউ শিক্ষকের সিদ্ধান্তকে যৌক্তিক বলে মত দেন।
ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাবেক শিক্ষার্থী রেদোয়ান সরকার ফেসবুকে লিখেছেন, বিভাগের শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় অ্যাসাইনমেন্ট ও শিক্ষকদের আচরণের কারণে প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়।
অন্যদিকে, শিক্ষার্থী ইসরাত জাহান শিক্ষকের সিদ্ধান্তের পক্ষে মন্তব্য করে লেখেন, তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থীর একজন শিক্ষকের নাম ভুল লেখা উচিত হয়নি এবং বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করাও সমীচীন নয়।
এ বিষয়ে বক্তব্য জানতে সহকারী অধ্যাপক মরিয়ম হাসনার ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।