রাজধানী

আবাসিক হোটেল থেকে স্বামী–স্ত্রী ও ছেলের লাশ উদ্ধার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০১:২৮ পিএম

আবাসিক হোটেল থেকে স্বামী–স্ত্রী ও ছেলের লাশ উদ্ধার
প্রতিকি ছবি : ঢাকাপ্রকাশ

রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেল থেকে এক দম্পতি ও তাদের শিশুপুত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ জুন) বিকেলে মগবাজার সুইট স্লিপ হোটেল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মৃতরা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা। তারা ছেলের চিকিৎসার জন্য শনিবার ঢাকা এসেছিলেন এবং মগবাজারের ওই হোটেলে ওঠেন। তবে ওইদিন তারা ডাক্তার দেখাতে পারেননি। রাতের খাবার হিসেবে মগবাজার এলাকার একটি রেস্তোরাঁ থেকে খাবার কিনে হোটেলেই খেয়েছিলেন।

পরে রাতেই তিনজনেই অসুস্থ হয়ে পড়েন। রবিবার দুপুরে তাদের অচেতন অবস্থায় মগবাজারের আ-দ্বীন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তারা মারা গেছেন।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, খাবারে বিষক্রিয়াই হতে পারে মৃত্যুর কারণ। তবে বিস্তারিত জানার জন্য মৃতদেহগুলো ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং হোটেল ও সংশ্লিষ্ট রেস্তোরাঁর কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে।