রাজধানী

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৪:০৪ পিএম

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর দুইটার কিছু পর বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে জড়ো হন তারা। সচিবালয়ের প্রবেশের এক নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

ঘটনাস্থল থেকে সময় সংবাদের প্রতিবেদক জানিয়েছেন, সচিবালয়ের মূল গেট বন্ধ করে দেওয়া হয়েছে। গেটের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করায় গুলিস্তান জিরো পয়েন্টের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এর আগে সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি ফাইটার জেট বিধ্বস্ত হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন দেড় শতাধিক। তাদের মধ্যে প্রায় ৭০ জন এখনও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এই পরিস্থিতির মধ্যেই আজ মঙ্গলবার এইচএসসি ও সমমানের কয়েকটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সরকার থেকে গভীর রাতে জানানো হয় যে, ২৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিক্ষোভরত শিক্ষার্থীরা বলছেন, পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলো গভীর রাতে, যা অত্যন্ত দুঃখজনক। অনেকে এই তথ্য জানতেই পারেনি এবং সকালে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যায়। এতে শিক্ষার্থীরা ভীষণভাবে হতাশ ও বিভ্রান্ত হয়েছে।

শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তার পদত্যাগ দাবি করছেন।

এছাড়া, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ছয় দফা দাবি উত্থাপন করেছেন। এর মধ্যে রয়েছে— নিহতদের নাম-ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা প্রকাশ, ক্ষতিগ্রস্ত পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ, শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারকারীদের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা, দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে গোলচত্বরে জমায়েত হতে থাকেন শত শত শিক্ষার্থী। এক সময় প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে চারপাশ। ‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘সঠিক লাশের হিসাব চাই’—এমন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা গোলচত্বরে সড়কের ওপর বসে পড়েন।

এ সময় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।