রাজধানী
নভেম্বরের শুরুতেই ঢাকায় মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসফেরত মানুষ
নভেম্বরের শুরুতেই ঢাকায় নেমে এসেছে অপ্রত্যাশিত বর্ষণ। শনিবার (১ নভেম্বর) বিকেলের দিকে রাজধানীর আকাশ কালো মেঘে ঢেকে যায়, এরপরই শুরু হয় মুষলধারে বৃষ্টি। দিনের শেষ বিকেলে যেন ফিরে এলো বর্ষার আমেজ।
বৃষ্টির সময় রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের হেডলাইট জ্বলতে দেখা যায়। অফিসফেরত বহু মানুষ রাস্তায় আটকা পড়েন, অনেকেই ছাতা না থাকায় ভিজে যান। শহরের বিভিন্ন এলাকায় পানি জমে যানজটের সৃষ্টি হয়।
শুধু ঢাকা নয়, টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায়ও বৃষ্টির খবর পাওয়া গেছে।
এর আগে শনিবার সকালেই আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছিল, ঢাকা ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকবে বলেও জানানো হয়েছিল। তবে বিকেলের দিকের বৃষ্টিপাত ছিল পূর্বাভাসের তুলনায় অনেক বেশি।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি সুস্পষ্ট লঘুচাপ বর্তমানে পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। এটি ক্রমে উত্তর ও উত্তর–পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে যেতে পারে।
সর্বশেষ ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের কিছু স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ু এখনো বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় রয়েছে। ফলে নভেম্বরের প্রথম দিকেও কিছু স্থানে বৃষ্টি হতে পারে, তবে ধীরে ধীরে শীতের প্রভাব বাড়বে।