রাজধানী
টঙ্গীতে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট (ভিডিও)
গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার (৮ নভেম্বর) দুপুরের দিকে স্টেশন রোডের মিলগেট এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে হঠাৎ গুদামঘর থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো গোডাউনে। স্থানীয়রা নিজেরা পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসসহ কাছাকাছি স্টেশনের মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, “ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নির্ধারণের চেষ্টা চলছে।”