রাজধানী
বাসে অগ্নিসংযোগ: জনতার ধাওয়ায় তুরাগে ডুবে একজনের মৃত্যু, একজন গ্রেফতার
রাজধানীতে বাসে আগুন ধরিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে জনতার ধাওয়ায় তুরাগ নদীতে ডুবে এক দুষ্কৃতকারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে, আরেকজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
শাহ আলী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত প্রায় ১০টা ৫ মিনিটে উত্তর নবাবের বাগ সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পাশের পাকা রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা বাসে কয়েকজন যুবক কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও করছিল। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করলে একজনকে ধরে ফেলে।
ধাওয়ার মুখে তিনজনের একজন প্রাণ ভয়ে দৌড়ে পালিয়ে যায়, আর আরেকজন নিকটবর্তী তুরাগ নদীতে ঝাঁপ দেয়। কিন্তু সাঁতার না জানায় নদীতে ঝাঁপ দেওয়া যুবকটি পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনতার হাতে আটক দুষ্কৃতকারীকে হেফাজতে নেয়।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে নিহত যুবকের নাম সাইয়াফ (১৮) এবং গ্রেফতার যুবকের নাম রুদ্র মোহাম্মদ নাহিয়ান আমির সানি (১৮)। অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত পলাতক অপর যুবককে ধরতে পুলিশি অভিযান চলছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান বলে জানিয়েছে শাহ আলী থানা পুলিশ।