রাজধানী
দুই ভবনের মধ্যবর্তী স্থান থেকে ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজধানীর আফতাবনগরে অবস্থিত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের দুই ভবনের মাঝের ফাঁকা স্থান থেকে মুশফিক উজ্জামান নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে ড. ফরাশ উদ্দিন ভবন ও মূল ভবনের মধ্যবর্তী জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুরে ক্লাসে অংশ নেওয়ার পর বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মুশফিক ক্লাসরুম থেকে বের হয়ে যান। এর কিছুক্ষণ পর কয়েকজন শিক্ষার্থী দুই ভবনের ফাঁকে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনা সম্পর্কে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুশফিক বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে লাফিয়ে নিচে পড়েন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করতে হবে।
মুশফিক উজ্জামান মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও এলাকার বাসিন্দা। দুই ভাইবোনের মধ্যে তিনি ছিলেন বড়। পড়াশোনার সুবিধার জন্য পরিবারসহ খিলগাঁও এ ব্লকে ভাড়া বাসায় থাকতেন।
নিহতের চাচা মনিরুজ্জামান মনির জানান, খবর পেয়ে হাসপাতালে গেলে মুশফিককে মৃত অবস্থায় পাওয়া যায়। কী কারণে এই ঘটনা ঘটেছে-তা এখনও পরিষ্কার নয় বলে তিনি জানান।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।