রাজধানী
ঢাকায় বাড়ছে শীতের আমেজ, তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে
ঢাকায় শীতের প্রভাব আরও স্পষ্ট হচ্ছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে, যা শীতের অনুভূতি বাড়িয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঢাকা ও আশপাশের এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথম ভাগে আকাশ পরিষ্কার থাকতে পারে ও আবহাওয়া শুষ্ক থাকবে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮–১২ কিলোমিটার বেগে হালকা বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনাও রয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৪ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।
এদিকে সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং সারা দেশেই আবহাওয়া শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।