রাজধানী
শাহবাগে রাতভর অবরোধ, ভোরের আলোয় বাড়ছে ছাত্র-জনতার উপস্থিতি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাতভর আন্দোলন চালিয়েছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে শুরু হওয়া এই বিক্ষোভ রাত পেরিয়ে আজ শুক্রবার সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার পরও শাহবাগ মোড়ে বিক্ষোভ চলতে দেখা গেছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আন্দোলনস্থলে ছাত্র-জনতার উপস্থিতি ধীরে ধীরে বাড়তে শুরু করে।
সরেজমিনে দেখা যায়, শাহবাগের গুরুত্বপূর্ণ সড়কটি অবরোধ করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অবস্থান নিয়েছেন। রাতের শেষ প্রহরে অংশগ্রহণকারীর সংখ্যা কিছুটা কম থাকলেও সকাল হওয়ার সঙ্গে সঙ্গে নতুন করে আন্দোলনকারীরা যোগ দিতে শুরু করেন। ফলে শাহবাগ এলাকায় উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছে।
বিক্ষোভকারীরা হাদির হত্যাকাণ্ডের বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আন্দোলনস্থলে ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘গোলামি না আজাদী, আজাদী-আজাদী’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, এবং ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’- এমন নানা স্লোগান দিতে দেখা গেছে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, হাদির হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি রাজনৈতিক দমন-পীড়নের অংশ। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এদিকে শাহবাগ মোড় অবরোধ থাকায় আশপাশের এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।