রাজধানী
মগবাজারে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে পথচারীর মৃত্যু
রাজধানীর মগবাজারে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ভবনের সামনে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম একটি গাড়ির ডেকোরেশন দোকানের কর্মচারী ছিলেন।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, কে বা কারা ফ্লাইওভার থেকে শক্তিশালী ককটেলটি নিক্ষেপ করেছে, তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ককটেলটি নিচে পড়ে বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনার পরপরই থানা পুলিশ, ডিবি পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করে। বিস্ফোরণের আলামত সংগ্রহে বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ শুরু করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় এক চা দোকানদার জানান, সিয়াম ঘটনার কিছুক্ষণ আগে তার দোকানে চা খাচ্ছিলেন। হঠাৎ ফ্লাইওভার দিক থেকে একটি ককটেল নিচে পড়ে বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
নিহতের ছোট ভাই সিজান বলেন, তার ভাই কাজের জায়গা থেকে নাস্তা কিনতে বের হয়েছিলেন। চা খাওয়ার সময়ই এই দুর্ঘটনা ঘটে। তিনি জানান, তাদের বাড়ি খুলনা জেলার দৌলতপুর থানায় হলেও বর্তমানে তারা মগবাজার এলাকায় বসবাস করতেন।