রাজধানী

হাতিরঝিলের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হবে: প্রতিমন্ত্রী 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৫:৩৪ পিএম

হাতিরঝিলের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হবে: প্রতিমন্ত্রী 
ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে আনসার মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (২০ জুন) সকালে হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, হাতিরঝিলে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর মাধ্যমে আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে।

তিনি আরও জানান, দ্রুত সময়ের মধ্যে হাতিরঝিলকে আগের স্বাভাবিক ও সুন্দর অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, হাতিরঝিলের আলোকসজ্জা ও সৌন্দর্যবর্ধনে নতুন করে কাজ শুরু হবে। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমও দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এক সপ্তাহের মধ্যে পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করার সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। প্রয়োজন হলে অতিরিক্ত জনবল নিয়োগ দিয়ে দ্রুত কাজ শেষ করা হবে।

এছাড়া হাতিরঝিলে সুয়ারেজ লাইন এবং ভাসমান ময়লা অপসারণে কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।