রাজধানী
শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার
রাজধানীর শাহবাগে একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে ফারাহ ফোরদৌস (৩২) নামে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) আজিজ সুপার মার্কেট সংলগ্ন ভবনের ১৪ তলার ওই ফ্ল্যাট থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা যায়, ফারাহ ফোরদৌস ৩৯তম বিসিএসে সহকারী সার্জন হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি বিভাগে রেসিডেন্ট হিসেবে প্রশিক্ষণ নিচ্ছিলেন। তিনি বর্তমানে ফেজ বি পর্যায়ের প্রশিক্ষণার্থী ছিলেন। এর আগে ২০১৭ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, তিনি খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ ও ফেরদৌসি রশিদ দম্পতির মেয়ে। ব্যক্তিগত জীবনে অবিবাহিত ফারাহ ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন।
তবে প্রাথমিকভাবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।