রাজধানী

ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:১৭ পিএম

ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে ‘কনজেশন চার্জ’ বা যানজট শুল্ক চালুর প্রস্তাব দিয়েছে সরকার। ২০২৫-২০৪৫ মেয়াদের সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনার (ইউআরএসটিপি) খসড়ায় কিলোমিটারপ্রতি ৬ দশমিক ২৭ টাকা হারে এই শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছে।

প্রস্তাবনায় বলা হয়েছে, রাজধানীর সব সড়কে নয়; বরং মেট্রোরেল, বাস র‍্যাপিড ট্রানজিট এবং উন্নত বাসসেবা চালু থাকা নির্দিষ্ট করিডোরে চলাচলকারী প্রাইভেট কার, মোটরসাইকেল ও ট্রাকের ওপর এই শুল্ক প্রযোজ্য হবে। তবে নির্ভরযোগ্য ও সহজলভ্য গণপরিবহন নিশ্চিত হওয়ার পরই এটি কার্যকর করার কথা বলা হয়েছে।

এক গবেষণায় দেখা গেছে, ২০০৭ সালে ঢাকার সড়কে যানবাহনের গড় গতি ছিল ঘণ্টায় প্রায় ২১ কিলোমিটার, যা ২০২২ সালে কমে দাঁড়িয়েছে মাত্র ৪ দশমিক ৮ কিলোমিটারে। অর্থাৎ দেড় দশকে গতি কমেছে প্রায় ১৬ কিলোমিটার, যা নগরীর যানবাহন চলাচলে তীব্র চাপের ইঙ্গিত দেয়।

আরেক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাজধানীর যানজটের কারণে প্রতিদিন প্রায় ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এছাড়া ঢাকার ৭৩টি গুরুত্বপূর্ণ মোড়ে নিয়মিত যানবাহন আটকে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এতে দেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়ছে এবং দৈনিক আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৯৮ হাজার কোটি টাকায় পৌঁছেছে।

যানজট শুল্ক আদায়ে আধুনিক রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তি ব্যবহার করা হবে। নির্ধারিত সড়কে বিশেষ রিডার বসিয়ে স্বয়ংক্রিয়ভাবে যানবাহন থেকে শুল্ক আদায় করা হবে। পুরো কার্যক্রম পরিচালনা ও তদারকির দায়িত্বে থাকবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ।