রাজধানী

সরকারি কাজে বাধা দেওয়ায় ভাইরাল মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৬:৪২ পিএম

সরকারি কাজে বাধা দেওয়ায় ভাইরাল মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ
ছবিঃ সংগৃহীত

মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশ। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রবিবার (০৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে মামলা করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম চালাচ্ছে বিদ্যুৎ বিভাগ। এরই ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানে থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে যান।

পুলিশের দাবি, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু করলে মিজান তাদের কাজে বাধা দেন এবং একপর্যায়ে তাদের ওপর চড়াও হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে তিনি সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদেরও আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলায় গ্রেপ্তার দেখানোর পর রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালতের পরবর্তী আদেশ অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলবে।

উল্লেখ্য, সম্প্রতি মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রির কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন মিজানুর রহমান। তার খাবারের দোকান নিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে। কম দামে গরুর মাংসসহ ভাত বিক্রির কারণে অল্প সময়ের মধ্যেই তিনি ‘ভাইরাল মিজান’ নামে পরিচিতি পান।