রাজধানী

রাষ্ট্রপতির শপথ ঘিরে ডিএমপির জরুরি নির্দেশনা, এড়িয়ে চলবেন যেসব সড়ক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৯:০৯ এএম

রাষ্ট্রপতির শপথ ঘিরে ডিএমপির জরুরি নির্দেশনা, এড়িয়ে চলবেন যেসব সড়ক
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে রাজধানীর বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত কয়েকটি সড়কে সাধারণ যানবাহন চলাচল বন্ধ থাকবে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বঙ্গভবন, মতিঝিল ও গুলিস্তান এলাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচল নির্বিঘ্ন রাখতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ট্রাফিক মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার মো. আমীর খসরুর সই করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা হয়ে বঙ্গভবন সড়ক এবং রাজউক ক্রসিং পর্যন্ত সাধারণ যানবাহন প্রবেশ করতে পারবে না। এছাড়া দৈনিক বাংলা থেকে রাজউকমুখী বাণিজ্যিক যানবাহন চলাচলও বন্ধ থাকবে। তবে শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না।

গণপরিবহনের চলাচল স্বাভাবিক রাখতে শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক ও গুলিস্তানগামী বাসগুলোকে দৈনিক বাংলা, ইউবিএল ও প্রেসক্লাব হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বাসগুলোকে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এদিকে হানিফ ফ্লাইওভার দিয়ে আসা যানবাহনগুলোকে জিরো পয়েন্টে ইউটার্ন না নিয়ে ফুলবাড়িয়া অথবা ইউবিএল ক্রসিং দিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিকল্প হিসেবে জিরো পয়েন্ট, ইউবিএল, নাইটিঙ্গেল ও ফকিরাপুল হয়ে শাপলা চত্বর সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ।

সাময়িক এই ট্রাফিক ব্যবস্থার কারণে সংশ্লিষ্ট এলাকার সড়কগুলোতে সাধারণ মানুষের চলাচলে কিছুটা বিলম্ব ও ভোগান্তি হতে পারে। এ জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করেছে ঢাকা মহানগর পুলিশ।