রাজধানী
রাজধানীর মালিবাগে শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
শুক্রবার জুমার নামাজের পর মালিবাগের ফরচুন শপিং মলের সামনে এ বিস্ফোরণ ঘটে।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এর আগে মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রথমে জগন্নাথ হলের গেট এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়। কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। পরে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়।
এ ছাড়া মঙ্গলবার দুপুরে চলন্ত মোটরসাইকেল থেকে সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গেটের সামনে ওই বিস্ফোরণ ঘটে।