রাজধানী
মালিবাগের পর এবার আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণ
রাজধানীর মালিবাগের পর এবার আগারগাঁও ও মহাখালীতে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যার দিকে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকা ও মহাখালীতে এসব বিস্ফোরণ ঘটে।
জানা গেছে, সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন সড়কে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায়ও কেউ হতাহত হয়নি।
এর আগে গত মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রথমে জগন্নাথ হল গেট এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়। কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এসব ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।
এ ছাড়া একই দিন দুপুরে চলন্ত মোটরসাইকেল থেকে সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গেটের সামনে এ বিস্ফোরণ ঘটে।