রাজধানী
রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন
রাজধানীতে দিনভর একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত মালিবাগ, মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার ও রামপুরাসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। এর মধ্যে রাতে কাফরুল থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনাও ঘটেছে। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর রাজধানীর বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটলেও এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
রাত ১০টার পর কাফরুল থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। তবে আগুন কীভাবে লেগেছে কিংবা এর পেছনে দুর্বৃত্তদের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, রাত ১০টার পর থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। আগুন দুর্বৃত্তরা লাগিয়েছে কি না, তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে রাত ৯টা ১০ মিনিটের দিকে মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
রাত ৭টা ৫৮ মিনিটের দিকে বাবুবাজার সেতুর নিচে একটি মাজারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মলয় বসির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এর কয়েক মিনিট আগে, রাত ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে এগুলো ককটেল বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. হাসানুর জানান, সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে ককটেল বিস্ফোরণের কথা জানা গেলেও বিষয়টি তখনও নিশ্চিত হওয়া যায়নি। থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছেন।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে মহাখালী উড়ালসড়কের ওপর থেকে নিচে একটি ককটেল ফেলা হলে সেটি বিস্ফোরিত হয়। বনানী থানার উপপরিদর্শক মো. তারেক জানান, ওপর থেকে কেউ ককটেল নিচে ফেলেছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, সেখানে একটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পুলিশের দল ঘটনাস্থলে কাজ করছে।
দিনের শুরুতেও রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জুমার নামাজের পর মালিবাগ রেলগেটসংলগ্ন সড়কে দুটি ককটেল বিস্ফোরিত হয়। তবে সেখানে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সবশেষ রাত ১১টার দিকে রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের সামনের সড়কে জোড়া হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া যায়। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, বাংলাদেশ টেলিভিশনের বিপরীত পাশের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই এলাকা হাতিরঝিল থানার আওতাধীন।
পরে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে যাচ্ছে।
একই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিস্ফোরণ এবং রাতে থানার সামনে বাসে আগুন দেওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলগুলোতে কাজ করছে। তবে এসব ঘটনার পেছনে কারা রয়েছে এবং ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, সে বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।