রাজধানী

গণভবনের পেছনের মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রোলবোমা উদ্ধার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পিএম

গণভবনের পেছনের মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রোলবোমা উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনের পেছনে সাবেক বাণিজ্য মেলার মাঠ থেকে বিপুলসংখ্যক ককটেল ও পেট্রোলবোমা উদ্ধারের ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিস্ফোরক উদ্ধারের পর পুরো মাঠ ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। একই সঙ্গে উদ্ধার করা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে পৌঁছেছে বোম্ব ডিসপোজাল ইউনিট।

সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সাবেক বাণিজ্য মেলার মাঠে অভিযান শুরু করে এসআরবি। অভিযানে এখন পর্যন্ত ২০টির বেশি ককটেল ও পেট্রোলবোমার সন্ধান পাওয়া গেছে। উদ্ধার অভিযান চলমান থাকায় বিস্ফোরকের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক বাণিজ্য মেলার মাঠে অভিযান চালানো হয়। এ সময় সেখানে বিপুলসংখ্যক ককটেল ও পেট্রোলবোমা পাওয়া যায়। উদ্ধার করা বিস্ফোরকগুলো নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।

বিস্ফোরক উদ্ধারের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছেন। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিস্ফোরকগুলো যেখানে পাওয়া গেছে, তার আশপাশে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।

তবে এসব ককটেল ও পেট্রোলবোমা সেখানে কীভাবে এলো, কারা এগুলো মজুত করেছিল এবং এর সঙ্গে কারা জড়িত-এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার অভিযান এবং বিস্ফোরক নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। বোম্ব ডিসপোজাল ইউনিটের কার্যক্রম শেষ হওয়ার পর উদ্ধার করা বিস্ফোরকের ধরন, পরিমাণ এবং এগুলো মজুতের পেছনে কারা জড়িত ছিল-এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।