ক্যারিয়ার
১০০ সহকারী জজ নিয়োগ দিবে বিজেএসসি
সহকারী জজ নিয়োগের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে এবার পদসংখ্যা ১০০টি। তবে বিধি অনুযায়ী পদ কমতে বা বাড়তে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমাদান শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে।
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইট bdjs.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৫ তারিখে অনধিক ৩২ বছর হতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমাদান শুরু হবে ১ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২টা থেকে। আগ্রহীরা আবেদন করতে পারবেন ৩০ সেপ্টেম্বর ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আবেদন ফি ১২০০ টাকা টেলিটকের মাধ্যমে পরিশোধ করতে হবে। পরীক্ষার ফি জমাদানের শেষ দিন ১ অক্টোবর ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট।
নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক পরীক্ষা এবং সব প্রার্থীকে ১০০ নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে প্রাথমিক পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষায় মোট ১০০টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে।
প্রতিটির মান হবে ১ নম্বর। তবে প্রতিটি ভুল উত্তরের জন্যে ০.২৫ নম্বর কাটা হবে। সব প্রার্থীকেই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের প্রাক যোগ্যতা হিসেবে প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রাথমিক পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৫০।
প্রাথমিক পরীক্ষায় সাধারণ বাংলা, সাধারণ ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়সমূহ, সাধারণ গণিত, দৈনন্দিন বিজ্ঞান, বুদ্ধিমত্তা এবং আইন বিষয়সমূহের ওপর প্রশ্ন করা হবে।