ক্যারিয়ার
মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে সরকার। মুখস্থনির্ভর পরীক্ষার ধারা থেকে সরে এসে বিসিএসসহ বিভিন্ন নিয়োগে দক্ষতাভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশীদ-এর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে কর্মক্ষেত্র দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং প্রযুক্তিনির্ভর ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে হলে নিয়োগ ব্যবস্থাতেও পরিবর্তন আনতে হবে। এ কারণে প্রচলিত মুখস্থনির্ভর সিলেবাস বাদ দিয়ে ধীরে ধীরে স্কিল-বেজড বা দক্ষতাভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি জানান, বিসিএস পরীক্ষার সিলেবাস হালনাগাদ করতে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিটি বিভিন্ন দেশের সিভিল সার্ভিস পরীক্ষার কাঠামো পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন ও সংযোজনের সুপারিশ দেবে।
মৌখিক পরীক্ষাতেও পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, খুব শিগগিরই যোগ্যতাভিত্তিক সাক্ষাৎকার পদ্ধতি (সিবিআই) চালু করা হবে, যেখানে প্রার্থীর জ্ঞান, দক্ষতা ও মনোভাব—এই তিনটি দিক গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা হবে।
এছাড়া নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে এক বছরের মধ্যে একটি বিসিএস সম্পন্ন করার লক্ষ্য নিয়েও কাজ চলছে। ইতোমধ্যে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি উল্লেখ করা হয়েছে, প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে এবং লিখিত পরীক্ষা শুরু হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, ২০২৪ সালের অক্টোবরে বর্তমান কমিশন গঠনের পর ৪৪, ৪৫, ৪৬ বিসিএস এবং ৪৮ ও ৪৯ (বিশেষ) বিসিএসের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।