অপরাধ

পেট্রোবাংলা নিয়োগে অনিয়ম: বাদ পড়লেন ১৫ প্রার্থী 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০২:৩৬ পিএম

পেট্রোবাংলা নিয়োগে অনিয়ম: বাদ পড়লেন ১৫ প্রার্থী 
ছবি: সংগৃহীত

পেট্রোবাংলা ও এর অধীন কোম্পানিগুলোর সমন্বিত নিয়োগপ্রক্রিয়ার শেষ ধাপে ১৫ প্রার্থী চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন। বাদ পড়া প্রার্থীদের অভিযোগ, নিয়োগপ্রক্রিয়ার শেষ ধাপে তাঁদের অস্বচ্ছভাবে বাদ দেওয়া হয়েছে।

কেন তাদের বাদ দেয়া হয়েছে সে কারণও অজানা। সংশ্লিষ্ট কোম্পানিগুলো একে অপরের দিকে দায় চাপাচ্ছে, ফলে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

প্রার্থীদের ভাষ্যমতে, লিখিত, মৌখিক, ভেরিফিকেশন, মেডিকেলসহ সব ধাপ সফলভাবে সম্পন্ন করা সত্ত্বেও চূড়ান্ত তালিকা থেকে তাঁদের বাদ দেওয়া হয়েছে।

অন্য এক প্রার্থী বলেন, ‘বাংলাদেশের নানা প্রান্তে থাকা কোম্পানিগুলোতে গিয়ে মেডিকেল টেস্ট জমা দিতে হয়েছে। এতে প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে। অথচ অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার সময় আমাদের সঙ্গে করা হলো প্রহসন। এই ১৫ জনের কেউ কনভিক্টেড আসামি নয়, কারও নামে কোনো মামলা বা অভিযোগও নেই। জুলাইয়ের গণ আন্দোলনে অনেকেই সরাসরি যুক্ত ছিলেন।’

অপর একজন বলেন, ‘চাকরির আশায় আগের চাকরি ছেড়ে দিয়েছি। সরকারি চাকরির বয়সও শেষ। পরিবার নিয়ে এখন মহাবিপদে পড়েছি। মা-বাবা অসুস্থ, তাদের ওষুধ কেনার জন্য আমার হাতে টাকা নেই।’

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন) কবির উদ্দিন আহম্মদ গণমাধ্যমকে বলেন, ‘পেট্রোবাংলা থেকে আমাদের কাছে তালিকা পাঠানো হয়েছে। আমরা সেই অনুযায়ী নিয়োগপত্র দিয়েছি, কাউকে বাদ দিইনি।’

সকল অভিযোগের ভিত্তিতে পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) এস এম মাহবুব আলম জানান, ‘প্রার্থীরা কেন বাদ পড়েছে, তা কোম্পানিগুলোই ভালো বলতে পারবে। নিয়োগপ্রক্রিয়ার কোনো ধাপে উত্তীর্ণ হতে না পারলেই কেউ বাদ পড়ে। চূড়ান্ত নিয়োগ না হলে কারণ আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা করা হয় না।’

বাদ পড়া প্রার্থীরা চূড়ান্ত ফলাফল থেকে তাঁদের বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা, নিয়োগপ্রক্রিয়া পুনর্বিবেচনা এবং তাঁদের নিয়োগ প্রদানের দাবি জানিয়েছেন।