অর্থনীতি
একীভূত হওয়া শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত
একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ডিএসই বৃহস্পতিবার (৬ নভেম্বর) নোটিশ দিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করে। নোটিশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
ডিএসই জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ১৫ অনুসারে ৫ নভেম্বর থেকে এসব ব্যাংককে ‘অ-কার্যকর’ ঘোষণা করেছে। একই সঙ্গে ব্যাংকের পরিচালনা পর্ষদও ভেঙে দেওয়া হয়েছে।
গত বুধবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের ইকুইটির মূল্য এখন শূন্যের নিচে, ফলে শেয়ারগুলোকে জিরো হিসেবে গণ্য করা হবে। গভর্নর বলেন, শেয়ারহোল্ডারদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না।