অর্থনীতি

১১ মাসে এনবিআরের রাজস্ব আদায় ৩ লাখ ২৭ হাজার কোটি টাকা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০১:৩৫ পিএম

১১ মাসে এনবিআরের রাজস্ব আদায় ৩ লাখ ২৭ হাজার কোটি টাকা
ছবি: সংগৃহীত

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৩ লাখ ২৭ হাজার ৭৮২ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। বুধবার (১৮ জুন) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে এনবিআর।

মূলত ভ্যাট, আয়কর এবং শুল্ক- এই তিনটি প্রধান উৎস থেকেই রাজস্বের বড় অংশ এসেছে বলে জানায় সংস্থাটি।

তবে এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি এখনো একটি সাময়িক হিসাব। ভ্যাট রিটার্ন জমা ও হিসাব চূড়ান্ত হলে এই পরিমাণ আরও বাড়তে পারে। চলতি অর্থবছরের জন্য এনবিআরের সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা, যা শুরুতে নির্ধারিত ৪ লাখ ৮০ হাজার কোটি টাকার চেয়ে কিছুটা কম। এই লক্ষ্যমাত্রা পূরণ করতে জুন মাসেই এনবিআরকে আদায় করতে হবে প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা। অর্থাৎ শেষ মাসে রাজস্ব সংগ্রহের ওপর পড়ছে বড় চাপ।

রাজস্ব সংগ্রহ ত্বরান্বিত করতে এনবিআরের অধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর অফিসগুলো ২১ জুন এবং ২৮ জুন (শনিবার) খোলা থাকবে। সাপ্তাহিক ছুটির দিন হলেও বাজেট প্রস্তুতি ও লক্ষ্যমাত্রা পূরণে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।