অর্থনীতি

টাকা ছাপানো-বণ্টনে বছরে খরচ ২০ হাজার কোটি, ক্যাশলেস লেনদেন বাড়ানোর আহ্বান গভর্নরের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৪:০৯ পিএম

টাকা ছাপানো-বণ্টনে বছরে খরচ ২০ হাজার কোটি, ক্যাশলেস লেনদেন বাড়ানোর আহ্বান গভর্নরের
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশে প্রতিবছর টাকা ছাপানো, সংরক্ষণ, পরিবহন ও বণ্টনে প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হয়। এই বিপুল ব্যয় কমাতে হলে নগদ অর্থ ব্যবহারের প্রবণতা হ্রাস করে ক্যাশলেস লেনদেন বৃদ্ধি করতে হবে।

রোববার (১০ আগস্ট) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন।

গভর্নর আহসান এইচ মনসুর জানান, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে কিউআর কোডভিত্তিক লেনদেন জনপ্রিয় করতে নীতিগত সহায়তা ও প্রযুক্তি অবকাঠামো উন্নয়নের কাজ করছে। লাইসেন্সপ্রাপ্ত প্রতিটি প্রতিষ্ঠানকে কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ব্যবসায়ী থেকে শুরু করে ভোক্তা—সবাই দ্রুত, নিরাপদ ও স্বচ্ছভাবে লেনদেন করতে পারেন। ক্যাশ ব্যবহারের হার কমলে রাষ্ট্রের এই বিশাল ব্যয়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্তমানে আর্থিক লেনদেন, বিল পরিশোধ বা অনলাইন সেবা গ্রহণে স্মার্টফোন অপরিহার্য। স্মার্টফোনের দাম ৬ থেকে ৭ হাজার টাকার মধ্যে আনতে পারলে শতভাগ মানুষকে স্মার্টফোন ব্যবহারের আওতায় আনা সম্ভব হবে। এ জন্য ইন্টারনেট সেবার দাম কমানো ও মান উন্নত করার প্রয়োজনীয়তার ওপরও তিনি জোর দেন।

নগরায়ণ ও আবাসন খাত নিয়ে গভর্নর বলেন, দেশে এখনো কয়েক মিলিয়ন নতুন আবাসনের প্রয়োজন রয়েছে। মানুষ গ্রামে ফেরত যাবে না—তাই নগরকেন্দ্রিক উন্নয়ন অবশ্যম্ভাবী। সাশ্রয়ী আবাসন পরিকল্পনায় ব্যাংকের হাতে থাকা জমি ডেভেলপারদের সঙ্গে অংশীদারিত্বে ব্যবহারের উদ্যোগ নেওয়া হতে পারে।

সংলাপে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, এক বছরে অন্তর্বর্তী সরকার ব্যাংক খাতে সংস্কারসহ কিছু পদক্ষেপ নিয়েছে, যা রপ্তানি খাতকে ভালো অবস্থায় রেখেছে এবং বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় এড়াতে সহায়তা করেছে। তবে বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি ও রাজস্ব আহরণ না বাড়া উদ্বেগের বিষয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।