অর্থনীতি

আন্তর্জাতিক বিনিয়োগকারীদের হয়ে নগদে বিনিয়োগের প্রস্তাব দিয়েছি: ব্যারিস্টার আরমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৭ পিএম

আন্তর্জাতিক বিনিয়োগকারীদের হয়ে নগদে বিনিয়োগের প্রস্তাব দিয়েছি: ব্যারিস্টার আরমান
ছবিঃ সংগৃহিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা–১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমান বলেছেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস 'নগদ'-এ বিনিয়োগের যে প্রস্তাব বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঠানো হয়েছে, তা আমার ব্যক্তিগত নয়; বরং বিদেশি মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানের পক্ষে তা পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার আরমান এ কথা বলেন।

ব্যারিস্টার আরমান বলেন, "আমি বিভিন্ন দেশের মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে কাজ করি। তারা নগদে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। তাদের প্রস্তাবগুলোই আমি গভর্নরের কাছে পাঠিয়েছি।"

বাংলাদেশ ব্যাংকের গভর্নর কোনো আশ্বাস দিয়েছেন কি না- এমন প্রশ্নের জবাবে আরমান বলেন, "আমি প্রস্তাবটি অন্তর্বর্তী সরকারের সময় পাঠিয়েছিলাম। এখন নতুন সরকার দায়িত্বে আছে। গভর্নর জানিয়েছেন, নগদের ব্যাপারে বর্তমান সরকারের চূড়ান্ত নীতি কী হবে, তা এখনো নির্ধারিত হয়নি।"

তিনি আরও বলেন, যদি সরকার সিদ্ধান্ত নেয় যে, তারা অন্তর্বর্তী সরকারের মতো এটি বেসরকারি বিনিয়োগকারীদের হাতে ছেড়ে দেবে, তাহলে বিনিয়োগের পরবর্তী প্রক্রিয়া শুরু হবে। 

মূলত নগদে বিদেশি বিনিয়োগ আনার বিষয়ে চলমান আলোচনার ধারাবাহিকতায় তিনি গভর্নরের সঙ্গে এ বৈঠক করেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ মার্চ মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে নগদ। পরে প্রতিষ্ঠানটিকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সও দেওয়া হয়।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রতিষ্ঠানটিকে নিয়ম ভেঙে সুবিধা দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। ছাত্র-জনতার আন্দোলনের পর ২০২৪ সালের ২১ আগস্ট বাংলাদেশ ব্যাংক নগদের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দেয়। তবে পরে উচ্চ আদালত তা অবৈধ ঘোষণা করলে ডাক অধিদপ্তর এর দায়িত্ব নেয়।

পরে অর্থ আত্মসাতের অভিযোগে গত ফেব্রুয়ারিতে নগদের বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ব্যাংক। এতে সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কামাল ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ ২৪ জনকে আসামি করা হয়।