অর্থনীতি

মবের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৯ পিএম

মবের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত

গভর্নরের পদত্যাগের ঘটনায় তৈরি হওয়া ‘মব কালচার’-এর সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে মানবসম্পদ (এইচআর) নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ব্যাংকের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মুখপত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

নতুন গভর্নর বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে দায়িত্ব গ্রহণ করেন এবং শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। মুখপত্র জানান, দায়িত্ব গ্রহণের পর গভর্নর কর্মকর্তাদের বন্ধ কলকারখানা পুনরায় চালুর জন্য সক্রিয় সহযোগিতার আহ্বান জানান। অর্থনীতিকে প্রবৃদ্ধি ও কর্মসংস্থানমুখী করতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

আরিফ হোসেন খান বলেন, “গভর্নর অন্তর্বর্তী সরকারের ম্যাক্রো-অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার প্রচেষ্টাকে প্রশংসা করেছেন। এই ভিত্তিতে শিল্পকারখানাগুলো পুনরায় চালু করতে নীতিগত সহায়তা, প্রণোদনা এবং ব্যাংক খাতে সমন্বয় জোরদার করা হবে। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদন বৃদ্ধি পাবে।”

উল্লেখ্য, গতকাল বুধবার সদ্য সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের উপদেষ্টা আহসান উল্লাহকে মব তৈরি করে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। দুপুর ৩টার দিকে এই ঘটনা গভর্নরের উপস্থিতিতে ঘটে। এর আগে সকালেই বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে কর্মকর্তা-কর্মচারীরা পদত্যাগ দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।