শিক্ষা

ধানমন্ডি আইডিয়ালে এইচএসসিতে ফেল ৫২৯ জন, জিপিএ-৫ মাত্র ৭ জনের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০১:৩৩ পিএম

ধানমন্ডি আইডিয়ালে এইচএসসিতে ফেল ৫২৯ জন, জিপিএ-৫ মাত্র ৭ জনের
ধানমন্ডি আইডিয়াল কলেজ। ছবি: সংগৃহীত

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় রাজধানীর নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান ধানমন্ডি আইডিয়াল কলেজের ফলাফল অনেকটাই হতাশাজনক। চলতি বছরে এই কলেজের ২ হাজার ২২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন মাত্র ১ হাজার ৭০৭ জন। ফেল করেছেন ৫২৯ জন শিক্ষার্থী। পাসের হার ৭৬ দশমিক ৮৬ শতাংশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফল বিশ্লেষণ করে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী পাস করলেও ফেলও হয়েছে উল্লেখযোগ্য সংখ্যায়। বিজ্ঞান বিভাগে ৯০৫ জন পাস করেছেন, ফেল করেছেন ২০২ জন। এ বিভাগে মাত্র ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

ব্যবসায় শিক্ষা বিভাগে ফলাফল আরও হতাশাজনক। এ বিভাগে পাস করেছেন ৩৮৮ জন, কিন্তু ফেল করেছেন ২০৭ জন। জিপিএ-৫ পেয়েছেন মাত্র একজন।

মানবিক বিভাগে পাস করেছেন ৪১৪ জন, ফেল করেছেন ১২০ জন, এবং দুইজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

তিন বিভাগ মিলিয়ে জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৭ জন শিক্ষার্থী—যা একটি বৃহৎ কলেজের জন্য বেশ হতাশাজনক বলে মনে করছেন অনেকে।

এই কলেজের কেন্দ্র ছিল মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজ। তুলনামূলকভাবে বিগত বছরগুলোর ফলাফলেও ধানমন্ডি আইডিয়াল কলেজের অবস্থান খুব একটা উন্নত ছিল না। ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠানের ৩৪১ জন শিক্ষার্থী ফেল করেন এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৭৯ জন। আর ২০২৩ সালে ফেল করেছিলেন ৩৬১ জন শিক্ষার্থী, আর জিপিএ-৫ ছিল মাত্র ২৮টি।