শিক্ষা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:৫৫ এএম

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫-এর লিখিত পরীক্ষা আজ শুক্রবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। তিন পার্বত্য জেলা বাদে দেশের বাকি সব জেলায় একযোগে এ পরীক্ষা গ্রহণ করা হবে। এতে অংশ নিচ্ছেন প্রায় ১০ লাখ ৮০ হাজার চাকরিপ্রার্থী।

পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু কঠোর নির্দেশনা জারি করেছে। নির্দেশনা না মানলে পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কারসহ আইনি ব্যবস্থার মুখে পড়তে হতে পারে।

আজ শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অনেক আগেই কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে।

পরীক্ষা বিকাল ৩টায় শুরু হলেও পরীক্ষার্থীদের অবশ্যই অন্তত এক ঘণ্টা আগে, অর্থাৎ দুপুর ২টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। দুপুর ২টা ৩০ মিনিটে কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে। এরপর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হবে না।

নকল প্রতিরোধে এবার নতুনভাবে কঠোরতা আরোপ করা হয়েছে। পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের উভয় কান উন্মুক্ত রাখতে হবে, যাতে ব্লুটুথ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হচ্ছে কি না তা সহজে শনাক্ত করা যায়। প্রয়োজনে তল্লাশির সময় টর্চলাইট ব্যবহার করে কান পরীক্ষা করা হবে।

পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, যেকোনো ধরনের ঘড়ি, ইলেকট্রনিক পার্টস বা কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এসব সামগ্রী পাওয়া গেলে পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষায় অংশ নিতে রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র এবং মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে রাখা বাধ্যতামূলক। উত্তরপত্র (ওএমআর শিট) পূরণে অবশ্যই কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে। পাশাপাশি নিয়োগের নামে কোনো ধরনের দালাল বা অসাধু চক্রের সঙ্গে লেনদেন না করার জন্য পরীক্ষার্থীদের সতর্ক করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

কর্তৃপক্ষ আশা করছে, এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণের মাধ্যমে পরীক্ষা শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন হবে।