শিক্ষা
সারা দেশে কাল থেকে শুরু হচ্ছে এসএসসি, পরীক্ষার্থী কমেছে ৭৯ হাজার
সারা দেশে আগামীকাল শুরু হচ্ছে মাধ্যমিক পর্যায়ের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এসএসসি ও সমমান। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৮ লাখ ৫৭ হাজার, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল প্রায় ১৯ লাখ ৩৬ হাজার শিক্ষার্থী। সেই হিসেবে এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।
দুই বছর আগে নবম শ্রেণিতে নিয়মিত শিক্ষার্থী হিসেবে নিবন্ধন (রজিস্ট্রেশন) করা প্রায় ৪ লাখ ৪৭ হাজার শিক্ষার্থী এবার পরীক্ষায় বসছে না। সে সময় মোট ১৮ লাখ ৯৫ হাজার শিক্ষার্থী নিবন্ধন করেছিল, কিন্তু এবার নিয়মিত পরীক্ষার্থী হিসেবে ফরম পূরণ করেছে মাত্র ১৪ লাখ ৪৮ হাজার। তবে অনিয়মিত পরীক্ষার্থীসহ এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৮ লাখ ৫৭ হাজারের বেশি।
এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ১৮ হাজার, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৩ লাখ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সারা দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কাল সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে লিখিত পরীক্ষা, যা চলবে ২০ মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা হবে ৭ থেকে ১৪ জুনের মধ্যে।
এসএসসি পরীক্ষা নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ১১ দফা নির্দেশনা জারি করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য—প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং পরীক্ষাকক্ষে সিগন্যাল জ্যামারের আওতা নিশ্চিত করা।
নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষা চলাকালে শিক্ষক-পরীক্ষক কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। একই সঙ্গে কেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীদের তল্লাশি করার কথাও উল্লেখ করা হয়েছে, যাতে অনিয়ম প্রতিরোধ করা যায়।