শিক্ষা

ডিসেম্বরেই শেষ হবে এসএসসি-এইচএসসি পরীক্ষা, নতুন পদ্ধতি চালুর পরিকল্পনা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ মে ২০২৬, ০৪:৩১ পিএম

ডিসেম্বরেই শেষ হবে এসএসসি-এইচএসসি পরীক্ষা, নতুন পদ্ধতি চালুর পরিকল্পনা
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

দেশের পাবলিক পরীক্ষার সময়সূচিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই শেষ করে দ্রুত ফল প্রকাশ করা হবে। পাশাপাশি নতুন করে সাজানো হচ্ছে কারিকুলাম।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল থেকে এই নতুন পদ্ধতি চালু করা হতে পারে।

বর্তমানে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হলেও বৈরী আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায়ই তা পিছিয়ে যায়। এতে শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটে এবং উচ্চ মাধ্যমিকের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় দীর্ঘ বিরতি তৈরি হয়। ফলে অনেক শিক্ষার্থী পড়াশোনার ধারাবাহিকতা হারিয়ে ফেলে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বর মাসকে পুরোপুরি পরীক্ষা-নির্ভর সময় হিসেবে নির্ধারণ করা হবে। এই সময়ের মধ্যে বোর্ডগুলোকে পরীক্ষা শেষ করতে হবে এবং অল্প সময়ের মধ্যে ফল প্রকাশ করতে হবে। এরপর জানুয়ারি থেকেই শিক্ষার্থীরা পরবর্তী স্তরে ভর্তি হতে পারবে।

কারিকুলাম সংস্কারের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার সময়সূচি পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে সিলেবাস, শ্রেণিকক্ষের পাঠদান এবং মূল্যায়ন পদ্ধতিও পুনর্গঠন করা হচ্ছে। লক্ষ্য হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের পুরো শিক্ষাক্রম সম্পন্ন করা।

তিনি আরও জানান, নতুন ব্যবস্থায় শিক্ষার্থীরা ১৬ বছর বয়সে এসএসসি এবং ১৮ বছর বয়সে এইচএসসি সম্পন্ন করে কোনো সেশনজট ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে।

তবে এই পরিবর্তন কার্যকর করার বিষয়টি নির্ভর করছে নির্ধারিত সময়ের মধ্যে সিলেবাস শেষ করা এবং বাস্তবায়নযোগ্য প্রস্তুতির ওপর। সে কারণে ২০২৭ সাল থেকেই এটি চালু হবে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি।

এদিকে শিক্ষাবিদরা মনে করছেন, দেশের আবহাওয়া ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় নিয়ে পাবলিক পরীক্ষার সময় নির্ধারণ করে একটি বাস্তবসম্মত অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন জরুরি।