সারাদেশ
টাঙ্গাইলে বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
শনিবার ১৭ অক্টোবর বিকেলে মির্জাপুরের জামুর্কী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাঙ্গাইলের বাসাইল এলাকার মোটরসাইকেল আরোহী আসিফ, বয়স ১৮ বছর এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকার পিকআপের সহকারী আব্দুল রহিম, বয়স ৪০ বছর।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী লেনে এস আই ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলের সামনে থাকা একটি পিকআপেও ধাক্কা দেয় বাসটি। এতে মোটরসাইকেল আরোহী আসিফ ও পিকআপের সহকারী আব্দুল রহিম ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক আনিসুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।