শিক্ষা
এইচএসসিতে নকল ধরা পড়লে শিক্ষার্থীসহ প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশে আগের মতো সরাসরি নকল না থাকলেও এর ধরন পরিবর্তিত হয়েছে। এ কারণে পুরোনো পরীক্ষা আইন সংশোধন করে নতুনভাবে প্রণয়ন করা হয়েছে। আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় কোনো শিক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে কোনো পরীক্ষাকেন্দ্রে নকলের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সংসদে পরীক্ষা আইন সংশোধন করা হয়েছে। নকল ও প্রশ্নফাঁসের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আক্তারুজ্জামান এবং সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।