শিক্ষা
জানা গেল এসএসসি ফল প্রকাশের সাম্ভব্য তারিখ
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের জন্য অধীর অপেক্ষায় রয়েছেন প্রায় ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের সব প্রস্তুতি শেষ করার কাজ চলছে। সম্ভাব্য তারিখ হিসেবে ৩০ জুলাইকে সামনে রেখে এগোচ্ছে শিক্ষা বোর্ডগুলো।
শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, আগামী ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রস্তুতের কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, আগে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বর্তমানে ২৭ বা ২৮ জুলাইয়ের মধ্যে সব প্রস্তুতি শেষ করার চেষ্টা চলছে। এরপর শিক্ষা মন্ত্রণালয় যে তারিখ নির্ধারণ করবে, সেদিনই ফল প্রকাশ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে বোর্ডগুলো ফল প্রস্তুত করতে পারলে ৩০ জুলাই ফল প্রকাশ করা হতে পারে। ২৭ জুলাই একটি সরকারি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এবং ৩১ জুলাই সাপ্তাহিক ছুটির বিষয়টি বিবেচনায় নিয়েই ৩০ জুলাইকে সম্ভাব্য তারিখ হিসেবে দেখা হচ্ছে।
চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। প্রচলিত নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও এবার সেই সময়সীমা অতিক্রম করেছে।
গত ২১ এপ্রিল শুরু হওয়া এ পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধন করেন। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন। শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, আগের বছরের তুলনায় এবার পরীক্ষাকেন্দ্রে বহিষ্কারের ঘটনাও উল্লেখযোগ্যভাবে কমেছে।